রাজধানীর উত্তরায় অবৈধভাবে অস্ত্র গুলি কেনাবেচার সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শকসহ (এসআই) জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) । আটককৃত ওই এসবি সদস্যের নাম আসাদুজ্জামান।
বুধবার দুপুর আড়াইটার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টর থেকে এসবির ওই সদস্যসহ মোট ৪ জনকে আটক করে র্যাব-১। র্যাব-১ এর গণমাধ্যম শাখার এএসপি কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি জানান, র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদের নির্দেশে মেজর আসিফের নেতৃত্বাধীন দল তাদের আটক করে।
আটককৃত অন্য ৩ জন হলেন- মাহমুদুল হাসান (২৪), সাইফুল ইসলাম (৩০) ও মশিউর রহমান (২৬)।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ টাইমনিউজবিডি.কমকে বলেন, ওই ৪ জনের সঙ্গে অস্ত্র কেনাবেচায় জড়িত একটি দলের সম্পর্ক রয়েছে। অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন,তিনটি বুলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে খোজ নিয়ে জানা যায় আটক ব্যক্তিদের মধ্যে আসাদুজ্জামান এসবির একজন সদস্য। তিনি উত্তরা অঞ্চলে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। তার বাড়ি ঢাকার তুরাগ থানা এলাকায়।
আসাদুজ্জামান স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাকি তিনজন উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তবে তারা সবাই অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত।
ঢাকা, জেইউ, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এমআর





