চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেগুয়ারখালীতে আজিজুল (৩২) নামের এক ব্যক্তিকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। তিনি বেগুয়ারখালী গ্রামের মৃত আমোদ আলীর ছেলে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, রাতে একদল সন্ত্রাসী বেগুয়ারখালী গ্রামের মৃত আমোদ আলীর বাড়িতে হামলা করে। এ সময় তারা ঘুমন্ত আজিজুলকে ডেকে তোলে।
আজিজুল ঘুম থেকে জেগে বাড়ির উঠানে দাঁড়াতেই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে রোববার আলমডাঙ্গা থানায় নিহতের স্ত্রী রেহেনা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
এমকে





