রাজধানীর বনানী থেকে চারজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি- তারা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য।
পুলিশের ভাষ্য- আটকেরা রবিবার রাতে পিকআপ ভ্যানের মাধ্যমে মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে চালকের কাছ থেকে ছিনিয়ে নেয়। কখনও মোটরসাইকেল নিজেরাই চালিয়ে নিয়ে যায়, আবার কখনওবা পিকআপ ভ্যানে তুলে নেয়।
পুলিশ জানায়, তারা বিষয়টি ওয়্যারলেসের মাধ্যমে জানতে পেরে রাতে হাতিরঝিল, মহাখালীর আমতলী এলাকায় ও বনানীর নৌবাহিনীর সদরদফতরের সামনে ব্যারিকেড দেয়। ছিনতাইকারীরা হাতিরঝিলের ব্যারিকেড ভেঙ্গে পালানোর সময় আব্বাস নামে এক পুলিশ কনস্টেবল আহত হন। এ সময় আব্বাসের বুকের হাড় ভেঙ্গে যায়।
এ ঘটনায় প্রথমে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে রাত ৩টায় বনানী নৌবাহিনীর সদরদফতরের সামনে থেকে চার ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, রাতে চার মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।
এএইচ





