মুন্সীগঞ্জে নদীতে ভাসমান অবস্থায় শাহ আলম ফরাজি (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ বুধবার ভোরে শহরের উত্তর ইসলামপুর ফরাজিবাড়ী ঘাট এলাকার কালীদাস সাগর নদীতে নির্মিত কাঠের পোলের নিচে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে স্থানীয়রা হাঁটতে বের হলে কাঠের পোলের নিচে একটি লাশ ভাসতে দেখে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।
উদ্ধার করা লাশ শাহ আলম ফরাজীর। তাঁর বাড়ি শহরের উত্তর ইসলামপুরের ফরাজিবাড়ী ঘাটে।
নিহত শাহ আলম ফরাজির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে গোসল করার জন্য বাড়ি থেকে বের হন শাহ আলম ফরাজী। পরে তিনি আর বাড়ি ফেরেননি। আজ তাঁর লাশ পাওয়া যায়। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, কী কারণে শাহ আলম ফরাজির মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমআর





