প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস নিয়ে আতংকিত না হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকারের এই পরিস্থিতি মোকাবেলার সামর্থ রয়েছে।
আজ রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব নারী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দয়া করে করোনাভাইরাস মোকাবেলার জন্য সতর্কতামূলক পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করুন।’
প্রধানমন্ত্রী একই সাথে করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারণ সরকারের এই পরিস্থিতি মোকাবেলার সামর্থ রয়েছে। করোনা ভাইরাস বিশ্বব্যাপী উদ্বেগ হিসাবে উপস্থিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই বিষয়টি চব্বিশ ঘন্টা পর্যবক্ষেণ করছি এবং এ ক্ষেত্রে যে কোনও সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমানে অনেক দেশই অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে।
করোনাভাইরাস প্রথমে চীনের উহানে ধরা পড়ে এবং এখন বিশ্বের ৯০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
এই রোগে লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়েছে এবং তিন হাজার চারশ’রও বেশি লোক প্রাণ হারিয়েছে। অবশ্য সংক্রমিত লোকদের অর্ধেক ইতোমধ্যে আরোগ্য লাভ করেছে।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। রোববার বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। আক্রান্ত রোগীদের মধ্যে দু'জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।
আইইডিসিআর জানায়, আক্রান্তদের দু'জন ইতালিফেরত। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে তিনি ভালোভাবে সবাইকে হাত ধোয়ার পরামর্শ দেন।





