গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় রিনা বেগম (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী রেজাউল করীম (৩০) কে আটক করেছে পুলিশ।

গোবিন্দঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কমল নারায়নপুর গ্রাম থেকে সোমবার রাত ৯টার দিকে তাকে আটক গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে একটি কলাগাছের পাতা কেটে ভেড়াকে খাওয়ানোর অপরাধে রিনাকে তার স্বামী, ননদ ও শাশুড়ি বেদম মারধর করে।

এক পর্যায়ে ননদের কোদালের আঘাতে গুরুত্বর আহত হন রিনা। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মারা যান রিনা বেগম।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রিনার হত্যার ঘটনায় তার বাবা রমজান আলী বাদী হয়ে ৪ জনকে আসামি করে সোমবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।

এই মামলায় রেজাউলকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি।

এমকে