সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে সমকামী এক যুবককে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আবদুল মতিন (৩৫) নামের সমকামী ওই যুবককে পাইলট স্কুলের পেছন (লালদিঘীরপাড় এলাকা) থেকে আটক করা হয়।

আটক মতিন সিলেটের ওসমানীনগর থানার সাদিপুর গজারিয়া গ্রামের মুক্তার উল্লাহর ছেলে। তিনি দক্ষিণ সরামার লাল মিয়ার হোটেলে চাকরি করেন। চাকরির সুবাদে তিনি নগরীর লালদিঘিরপাড়ে পাইলট স্কুলের পাশে একটি মেসে থাকেন।

ওই ছাত্রের বাবা জানান- তার ছেলে পাইলট স্কুলে ৮ম শ্রেণিতে পড়ে। গত ১৫ দিন ধরে স্কুলে যাওয়ার পথে আবদুল মতিন নামের ওই যুবক তার ছেলের সাথে ভাব জমানোর চেষ্টা করে। গত বুধবার তাকে জোর করে একটি টাইগার ড্রিংকস দেয় মতিন।

এরপর প্রায়ই মতিন ওই ছাত্রের সঙ্গে দেখা করতে চায়। বিষয়টি ওই ছাত্র বাসায় জানায়। তখন মতিনকে আটক করতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তাকে দেখা করার জন্য বলে তার ছেলে। কথামতো সকাল সাড়ে ১১টায় স্কুলের পেছনের দিকে মতিন আসলে তাকে আটক করে স্কুলে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে জানতে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ মজুমদারে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলামেইলকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিন বলেছে সে অপকর্মের জন্য ওই ছাত্রকে ‘ফুসলানোর’ চেষ্টা করছিল।’

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার এএসআই জামাল বাংলামেইলকে বলেন, ‘মতিন স্বীকার করেছে সে সমকামী। সমকামীতার জন্য সে ওই স্কুল ছাত্রকে ফুঁসলানোর চেষ্টা করছিল। মতিনকে থানায় নিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ইআর