রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারের জন্মগত নাগরিক উল্লেখ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ করে রোহিঙ্গা মুসলমানদের পূর্ণ নাগরিক অধিকার প্রদান করতে হবে।

অন্যথায় আরাকানের মুসলমানের জন্য পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করতে হবে।

একই সঙ্গে তিনি রোহিঙ্গা মুসলমানদের অন্যান্যদের মতো সমান অধিকার দিতে মায়ানমার সরকারকে বাধ্য করতে মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীকে এগিয়ে আসারও আহবান জানিয়েছেন।
তিনি বলেন, রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের উপর বৌদ্ধদের ভয়াবহ নৃশংস গণ হত্যা, ধর্ষণ, নির্যাতন ও

লুটপাটের মত জঘন্য অত্যাচার কোনো সুস্থ মানুষ বরদাশত করতে পারবে না।
সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ এবং তাদের পূর্ণ নাগরিক অধিকার প্রদানের দাবিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে অন্যান্যের বক্তৃতা করেন দলের সহকারী মহাসচিব মো: আজম খান, সাংগঠনিক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ও মহানগর সেক্রেটারী হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা সুলতান মহিউদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল মান্নান, মুফতি মামুনুর রশিদ, মাওলানা মো: হুসাইন, মাওলানা সারোয়ার, মাওলানা জাফর আহমেদ ও আলী মাকসুদ খান মামুন প্রমূখ।

মাওলানা মুজিবুর রহমান হামিদী আরো বলেন, মানবতার ইতিহাসে বিশ্বের নিকৃষ্ট গণহত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়ি-ঘর, দোকান-পাট, মসজিদ, মাদরাসায় অগ্নিসংযোগ করে মানবতা বিপন্ন ও পদদলিত করছে মায়ানমার সরকার। মুসলমানদের রক্তের স্রোতে ভাসছে আরাকান।

মিয়ানমারে মুসলমানদের সাংবিধানিক, আর্থসামাজিক, নাগরিক ও ভোটাধিকার নেই, মানবতার লেশ মাত্রও নেই। রোহিঙ্গা মুসলমানরা যেন বিশ্বের রাষ্ট্রহীন নাগরিক। এহেন অমানবিক কর্মকাণ্ডের পরেও জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো আরাকানের মজলুম মুসলমানদের ব্যাপারে নিশ্চুপ কেন? যে জাতিসংঘ ইন্দোনেশিয়া ভাগ করে পূর্ব তিমুর এবং সুদান ভাগ করে খ্রিষ্টানদের জন্য পৃথক রাষ্ট্র দক্ষিণ সুদান তৈরি করে; সেই জাতিসংঘের উচিত দীর্ঘ দিন যাবত নির্যাতিত আরাকান মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করা।

তিনি বলেন, শুধু বিবৃতি দিলেই জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলোর দায়িত্ব শেষ হবে না। অবিলম্বে রোহিঙ্গা মুসলিম গণহত্যা, নির্যাতন বন্ধ না করলে মায়ানমার সরকারকে বয়কট করে চাপ সৃষ্টি করার জন্য জাতিসংঘসহ বিশ্বের রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান।

 

এমএ