চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. নূরুল ইসলামের (৫০) বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়।

বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগরীর বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, ভোররাতে শাহ আমানত সেতুর চেকপোস্টে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।

"এ সময় সন্দেহজনক আচরণের জন্য নূরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মলদ্বারের মাধ্যমে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন। পরে ১০০০ ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।"

নূরুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মহসিন।

এমআর