বরিশালের বানারীপাড়া হেলিপ্যাড থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর থানার পোস্ট অফিসপাড়ার বিপ্লব, হাসপাতাল এলাকার মো. ফারুক ও বদিনাথপুর গ্রামের মো. সুফিয়ান।
অভিযানে নেতৃত্ব দেওয়া বানারীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, ওই তিন মাদক ব্যবসায়ী ট্রাকে ফেনসিডিল নিয়ে বানারীপাড়ার হেলিপ্যাড এলাকায় নিয়ে এসেছে- এ খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের কিছু সময় আগে ওই তিনজনকে ১৩০ বোতল ফেনসিডিলসহ নামিয়ে দিয়ে ট্রাকটি চলে যায়।
ওসি জিয়াউল আহসান আরও জানান, আটকরা যাদের উদ্দেশ্যে ওই ফেনসিডিল নিয়ে এসেছে তাদের নাম বের করে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
কেএইচ





