চলতি মাসের বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে প্যারাডাইজ স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা। এ সময় সড়কের দুই পাশে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার দুপুর দেড়টা থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে শ্রমিকেরা।
শ্রমিকেরা জানায়, কারখানা কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসের বেতন ও বোনাস না ঈদের দিয়ে ছুটিতে কারখানা খোলা রাখার ঘোষণা দেয়। বৃহস্পতিবার ব্যবস্থাপনা বিভাগ এ সংক্রান্ত সভা করে শুক্রবার সকালে শ্রমিকদের এ সিদ্ধান্তের কথা জানায়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ বোনাস ও বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকেরা দুপুর দেড়টার দিকে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুই পাশে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে তাদের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে। কারখানা থেকে জিএমকেও বাইরে এনে শ্রমিকদের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়েছে। পরে দুপুর পৌনে ৩টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
কারখানার মহা ব্যবস্থাপক (জিএম) আবুল বাশার জানান, শ্রমিকদের সেপ্টম্বরের বেতন দেয়া হবে মাস শেষে। ঈদে কারখানা খোলা থাকবে। ছুটির সাড়ে তিন দিনের বেতন দেয়া হবে। তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
জেআই





