করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ২২৮ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩১ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ২৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৩৫৮টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৯৫ হাজার ৫২৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ। গত বছরের ০৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন ও ষাটোর্র্ধ্ব ৫৩ জন রয়েছেন।

বিভাগওয়ারী অনুযায়ী মৃত ৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫০ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ছয়জন, খুলনায় ছয়জন, বরিশালে একজন, সিলেটে তিনজন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।

এমবি