রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। তার নাম সুরাইয়া আক্তার রিশা (১৫)।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইলে অবস্থিত স্কুলের সামনে ফুট ওভারব্রীজের ওপর এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রিশাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটের বাম পাশে ও বামহাতে ছুরিকাঘাত করা হয়েছে। রিশার বাসা রাজধানীর বংশালের ১০৪ সিদ্দিক বাজারে।

উইলস লিটল ফ্লাওয়ারের একাদশ শ্রেণির ছাত্র রাফি জানায়, সে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় চিৎকার শুনে ফুটওভার ব্রিজের ওপরে গিয়ে রিশাকে আহত অবস্থায় দেখতে পায়। এ সময় একজনকে দৌঁড়ে পালাতে দেখে।

রিশাকে উদ্ধার করে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসাপাতালে নেয়া হয়। পরে তাকে স্থানান্তর করা হয় ঢামেক হাসপাতালে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ধারণা করা হচ্ছে- কোনো বখাটে ছেলে এ ঘটনা ঘটিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।

রিশার মা তানিয়া হোসেন জানান, ৫ থেকে ৬ মাস আগে রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত ইস্টার্ন মল্লিকা শপিং মলে বৈশাখী টেইলার্স নামে একটি দোকানে জামা বানাতে দেয় রিশা। ওই সময় সেখানে তার মোবাইল নম্বরটি দেয়া হয়।

এরপর থেকে ওই দোকানের একজন কাটিং মাস্টার তার মেয়েকে প্রায়ই ফোন করে উত্যক্ত করতো। পরে বাধ্য হয়ে ফোনের ওই সিমটি বন্ধ করে দেয়া হয়। এরপর স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ওই কাটিং মাস্টার তার মেয়েকে বিরক্ত করতো। ওই কাটিং মাস্টার এ ঘটনা ঘটাতে পারে।

এমবিএইচ