ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে দাউকান্দির মেঘনা-গোমতী সেতু পর্যন্ত ৩০ কি. মি. যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার ভোরে মহাসড়কের ৩টি স্থানে গাড়ি বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও গরুবাহী ট্রাকগুলো দুর্ভোগে পড়েছে।
চালক, যাত্রী ও হাইওয়ে পুলিশের সূত্র জানায়, ভোর চারটার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ও চান্দিনা উপজেলার মাধাইয়ায় গরুবাহী দুটি ট্রাক বিকল হয়। একই সময়ে চান্দিনা উপজেলার কুটুম্বপুরে ঢাকাগামী একটি বাস বিকল হয়। বিকল হওয়া যানবাহন ৩টি আধা ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হয়।
এদিকে ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ থাকায় যানজটের তীব্রতা বৃদ্ধি পায়। এছাড়া দাউদকান্দির তিনটি অংশ আমিরাবাদ, হরিপুর ও জিংলাতলীতে মহাসড়কে গর্ত রয়েছে। এতে যানবাহনগুলো এলোপাতাড়ি চলতে গিয়েও যানজটের সৃষ্টি হচ্ছে।
ঢাকাগামী ট্রাকের চালক আবুল কালাম জানান, ভোর সাড়ে ৪টায় চান্দিনায় এসে যানজটে আটকা পড়েন । সেখান থেকে ৩০ কিলোমিটার পথ দাউদকান্দি আসতে তার সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আসাদ জানান, গাড়ি বিকল, মহাসড়কে গর্ত এবং বাড়তি গাড়ির চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে। ১০টার দিকে যান চলাচল শুরু হয়। তবে দাউদকান্দির রায়পুর এবং ইলিয়টগঞ্জে যানবাহনের চাপ রয়েছে।
জেআই,





