কৃষিক্ষেত্রে নারীদের যে মজুরী বৈষম্য আছে তা অত্যন্ত প্রকট বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কৃষি শ্রমিক অধিকার ফোরম (কেএসএফ) এর উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ মন্তব্য করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করে যৌথভাবে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও বাংলাদেশ ওকুপেশনাল সেফটি হেলথ এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন।

মিকাইল শিপার বলেন, আমাদের দেশে কৃষিক্ষেত্রে শিশু শ্রমিকদের আধিক্যতা বেশী। বিশেষ করে বোরো ধান কাটার মৌসুমে মালিকদের বাচ্চারাই এই কাজে জড়িয়ে যাচ্ছে বলে তিনি জানান।

এসময় কৃষি আন্দোলনের কথা উল্লেখ করে সচিব বলেন, আমার দেখা মতে কৃষি আন্দোলন অনেক দিনের আন্দোলন। এই আন্দোলনে উল্লেখ করার মত তেমন কিছুই অর্জন হয় নাই। তবে সরকার কৃষি শ্রমিককে সংজ্ঞায়িত করেছে বলেও জানান তিনি।

কৃষি ক্ষেত্রের সমস্যা তুলে ধরে তিনি বলেন, এখন আমাদের দেশে কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এখন দেশে কৃষিক্ষেত্রে হালের গরু পাওয়া খুব মুশকিল হয়ে পরেছে। এখন সব কিছু যান্ত্রিক হয়ে গেছে।

তিনি আরও বলেন, কৃষি শ্রমিক উন্নয়নের জন্য যে উদ্যেগ নিয়েছেন আমি তা স্বাগত জানাচ্ছি। এসময় তিনি বলেন কৃষি শ্রমিকরা অসংগঠিত। আপনারা সংগঠিত হন আমরা সরকারের পক্ষথেকে আপনাদের সার্বিক সহযোগিতা করব।

শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, কৃষি ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কৃষি জমি ধীরে ধীরে কমে যাচ্ছে। আমাদের প্রথম এবং প্রধান ঝুকি হচ্ছে জলবায়ু পরিবর্তনে যে প্রভাব কৃষি শ্রমিকদের মধ্যে পরবে তা মোকাবেলা করা। কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সাথে খাপ খাইয়ে নেওয়ার লক্ষ্যে কৃষি শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে কেএসএফ গঠনের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, বর্তমানে বাংলাদেশে কৃষিখাতে নিরাপদ পরিবেশ অনুপস্থিত। এ খাতে কৃষি শ্রমিকদের জন্য কোন সুস্পষ্ট নীতিমালা ও যুগোপযোগী আইনী কাঠামো নেই। ভুমিহীন কৃষক ও কৃষি শ্রমিকদের ট্রেড ইউনিয়নের মাধ্যমে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ও উন্নয়নের জন্য সচেতন বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সমাজের বিভিন্ন পর্যায় থেকে জোরালো দাবি রয়েছে।

বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারপারসন আব্দুস সালাম খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকী রেজোয়ানা, ওশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ আর চৌধুরী রিপন প্রমুখ।


ইআর