মাত্র ৪০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানা এলাকার দুই শতাধিক কাচা-পাকা ঘরবাড়ি, ২টি মুরগির খামার, ৩ টি তাঁত কারখানা, বিদ্যুতের খুটি এবং অসংখ্য গাছ পালা বিধ্বস্ত হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়ে এঘটনা ঘটে। এতে প্রায় ১৮জন আহত হয়েছে।ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তার দাবি জানিয়েছে।

জানা গেছে, এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের বাঐখোলা, ঘাটাবাড়ি, সৈয়দপুর, গুচ্ছগ্রাম ও খুকনী ইউনিয়নের রুপসী, বিশ্বনাথপুর কাইজা, সড়াতৈল, চরকাদহসহ প্রায় ৯টি গ্রামের দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

এসময় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে এনায়েতপুর-পাচিল সড়ক যোগাযোগ কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। টিন ও গাছের আঘাতে প্রায় ১৮ জন আহত হয়েছে।

আহতের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপতালে ভর্তি করা হয়েছে।হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শতাধিক তাঁত শিল্প কারখানা বন্ধ রয়েছে।অপর দিকে স্থানীয়দের সহায়তায় যান চলাচল শুরু হয়েছে।

এব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহম্মেদ বলেন, ৪০ সেকেন্ড স্থায়ী ঘূর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। সরকারিভাবে সাহায্য পেলে বিতরণ করা হবে। 

এসএম