রাজধানীর মিরপুরের পল্লবীতে মাহি খান (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে মিরপুরের আদর্শ বিদ্যানিকেতন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার (২২ সেপ্টেম্বর) মাহির স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন। কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মৃতের চাচা আতাউর রহমান খান বলেন, মাহি আমার কাছে থেকে পড়াশুনা করতো। মাহির বাবা বাক প্রতিবন্ধী। ছোট থাকতেই তার মা মারা যায়। বাবা মায়ের এক মাত্র সন্তান ছিল সে। তিনি বলেন, বুধবার কোচিংয়ে গিয়েছিল। কোচিং শেষে বাসায় এসে, কাউকে কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে। কিছু সময় পর তাকে ডাকাডাকি করে কোনও শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

এমবি