শরীয়তপুরের নড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় ইমরান হোসেন সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন বাজার সংলগ্ন ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ওই গ্রামের মৃত ফজল সরদারের বড় ছেলে। সে নশাসন ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের গাড়ির চালক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে  সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের বাড়ি থেকে ইমরান বাড়ি ফিরছিলেন। পথে মাঝিরহাট নামক স্থানে পৌঁছালে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

প্রথমে আহতাবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। পরে পথে তার মৃত্যু হয়। তিনি নশাসন ইউনিয়ন যুবলীগ করতেন বলে পরিবারের দাবি।

এদিকে এ হত্যাকাণ্ডের জের ধরে নিহত ইমরান সরদারের সমর্থকরা স্থানীয় জালাল হাওলাদার, দুলাল হাওলাদার ও খোকন হাওলাদারের বাড়িতে নারীদের উপর নির্যাতনসহ ব্যাপক ভাঙচুর লুটপাট করে। এসময় ৭টি গরু, ২টি ছাগল, ২টি স্বর্ণের চেইন ও নগত টাকা-পয়সা নিয়ে যায় অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইমরানের নামে ইয়াবা, গাজা, ইভটিজিং, চুরিসহ অনেক মামলা রয়েছে। 

তবে এঘটনার নড়িয়া থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ বলেন, দুর্বৃত্তদের হাতে আহত হয়ে মারা যান। এ ঘটনার পর থেকে হত্যাকারিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ইমরানের মরদেহ ময়নাতদন্তর জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এএস