নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।
শুক্রবার (২০ জুলাই) রাত ৮টার দিকে শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দুর্ঘটনায় নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি কুন্দারপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী এনা পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা খেয়ে লেগুনা চালক ও সামনে বসা ৩ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ১২-১৩ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর আরও৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ৫ জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসাপাতালে রাখা হয়েছে।
আহত ব্যক্তিরা জানান, তাঁদের গ্রামের বাড়ি রায়পুরা উপজেলার রামনগর গ্রামে। তাঁরা শুক্রবার নরসিংদীর বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে গিয়েছিলেন। সারাদিন ঘোরাঘুরি শেষে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই ৩ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরো ৩ জন মারা যান। দুর্ঘটনা কবলিত স্থান থেকে এনা পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে।
এমবি





