কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে মেহের উদ্দিন (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এ সময় শফিক মিয়া (২৪) ও মজনু মিয়া (৩৫) নামে আরো দুই জন আহত হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মেহের উদ্দিন উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। আহত শফিক মিয়া পাটুয়াভাঙ্গা ইউনিয়নে পাটুয়াভাঙ্গা গ্রামের সফর উদ্দিনের ছেলে এবং মজনু একই এলাকায় মোহাম্মদ আলীর ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, সকালে ৭-৮ জন কৃষক মিলে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী গ্রামের একটি জমিতে বোরো ধান কাটতে যান। দুপুর ২টার দিকে বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হলে মেহের উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন শফিক ও মজনু। পরে অন্য কৃষকরা শফিককে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহত মজনুকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

পাকুন্দিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ