দুই বছর এমপিও ভুক্তি না দেয়ার শর্তে নিয়োগ পাওয়া এমপিও বঞ্চিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী শাখার শিক্ষকরা এমপিও ভুক্তির দাবিতে অনশন পালন করছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার সকাল থেকেই তাদের এ অনশন চলছে। এর আগে আরো দুইবার একই দাবিতে অনশন পালন করেছিল এ শিক্ষকরা।

এমপিও বঞ্চিত শিক্ষকদের সভাপতি আব্দুল মোতালিব বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণী শাখা খোলার অনুমোদন দেওয়া হয়েছিল। সরকারের দেওয়া শর্ত দুই বছর পূরণ করার পর আরও ১ বছর ৯ মাস অতিক্রম করলেও আমাদের এমপিওভুক্ত করা হয়নি।

তিনি বলেন, আমরা শিক্ষামন্ত্রী ও মাউশির মহাপরিচালককে বিষয়টি অবহিত করা ছাড়াও দুইবার প্রেস ক্লাবের সামনে অনশন করেছি। এরপরও দাবি বাস্তবায়ন না হওয়ায় আবার আমরা অনশন করছি।

এ শিক্ষক নেতা অভিযোগ করে বলেন, ইতিমধ্যে আমাদের কয়েকজন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। কিন্তু অন্য শিক্ষকদের বঞ্চিত করা হয়েছে। একই দেশে দুই ধরণের নিয়ম আমরা মানতে পারি না।

এছাড়া ২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের এমপিও দিতে সরকারেরও কোন বাধা নেই। এরপরও আমাদের অবস্থা হয়েছে যে, চাকুরী আছে কিন্তু বেতন নেই।

অনশনে অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু মিয়া, মাসুদ আলম সিদ্দিক, অর্জুন সরকার, সালাউদ্দীন প্রমুখ।

এমএ/এমকে