অপহরণের এক মাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কলেজ ছাত্রী নুরজাহান ছবি (১৬)। তাকে উদ্ধারে পুলিশ নিস্ক্রিয় ভূমিকা পালন করছেন। এ বিষয়ে কথা বলায় অপহৃত ছাত্রীর বাবাকেই মিথ্যা মামলা দেয়ার হুমকি দিয়েছে পুলিশ। এমন অভিযো করেছেন মেয়েটির পরিবার।

এদিকে, অপহরণের ঘটনায় গত ২৭ জুলাই ছাত্রীর পিতা রফিকুল ইসলাম চিরিরবন্দর থানায় অপহরণ মামলা দায়ের করেছে।
এতে ৪ বখাটেসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জানা গেছে, গত ২৫ জুলাই রাত সাড়ে ৮টায় উপজেলার মহাদানী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে নুরজাহান ছবি বাড়ির পার্শ্ববর্তী আজগর আলীর বাড়িতে রমজান মাসের তারাবির নামাজ পড়াতে যচ্ছিল।

পথিমধ্যে আব্দুল মান্নানের বাড়ির সামনে একই গ্রামের মৃত খুচুরর ছেলে আব্দুর রাজ্জাক (২০) মৃত আইনুদ্দিন প্রামানিকের ছেলে হামিদুল ইসলাম (২১) ইদ্রিস আলীর ছেলে জাকারিয়া (১৯) আইনুদ্দিনের ছেলে আনিছুর রহমান (২৮) আব্দুল মান্নানের ছেলে ফরিদুল (১৮) ও মৃত মুচরুর ছেলে আইনুদ্দিন মোটরসাইকেল দিয়ে ছবির গতিরোধ করে। এর পর তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

ছবি রংপুর পলিটেকনিক ইন্সষ্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী। মেয়েকে হারিয়ে ছবির বাবা মাসহ পরিবারের সবাই এখন পাগল প্রায়।

অপহৃত ছবির বাবা অভিযোগ করে বলেন, 'ভিকটিম উদ্ধারের ব্যাপারে পুলিশ নিস্ক্রিয় ভূমিকা পালন করায় অফিসার ইনচার্জ রওশন মোস্তফার সাথে যোগাযোগ করলে তিনি উল্টো আমাকেই ধমক দিয়ে মিথ্যা মামলার কথা বলে আসামীদের আড়াল করার চেষ্টা করছেন।'

তিনি আরো অভিযোগ করেন, 'অপহরন মামলাকে কেন্দ্র করে পুলিশ আসামী পক্ষের কিছু দালালের সাথে আতাত করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।'

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, ভিকটিম উদ্ধার ও মূল আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত সহযোগী আসামীদের গ্রেফতারের ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের কোনো নির্দেশ নেই। তবে মূল আসামী ও ভিকটিমের অবস্থানের ব্যাপারে ইতিমধ্যে মোবাইল কোম্পানীকে অবগত করে সিডিআর চাওয়া হয়েছে। রিপোর্টটি হাতে পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ