সারাদেশে বজ্রপাতে এখন পর্যন্ত অন্তত আট জন নিহত হয়েছে। সোমবার গাজীপুর, ঝিনাইদহ, টাঙ্গাইল এবং মানিকগঞ্জে এই নিহতের ঘটনা ঘটে।

গাজীপুরে বজ্রপাতে ৪ জন নিহত

গাজীপুরের কালীগঞ্জ ও শ্রীপুরে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় চারজন নিহত হয়েছে। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান ও শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বজ্রপাতে চারজন মৃত্যুর বিষয়টি জানান।

মৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার কাপাইস কলাপটুয়া এলাকার মুকুন্দ চন্দ্র দাস (৫০), প্রেম চন্দ্র দাসের ছেলে সুধন চন্দ্র দাস (৩৫), মুক্তারপুর ইউনিয়নের শিংলাব এলাকার নীরব চন্দ্র দাস (৬০) এবং শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকার মৃত জহুর আলীর ছেলে ইন্নছ আলী (৫৬)।

এসআই মো. মজিবুর রহমান জানান, জামালপুর ইউনিয়নের কাপাইশ কলাপটুয়া এলাকায় মুকুন্দ চন্দ্র দাস, সুধন চন্দ্র দাস ও নীরব চন্দ্র দাস তাদের একটি খামারে মাছ পাহারা দিচ্ছিলেন। পরে বিকেল ৩টার দিকে বজ্রপাতের শব্দ শুনে খামারের পাশে একটি টঙ ঘরে আশ্রয় নেন তারা। এ সময় ওই টঙ ঘরের ওপর বজ্রপাত হলে তিনজনই ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।

এদিকে, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বেলা পৌনে ৩টার দিকে শ্রীপুর উপজেলার মাধখোলা এলাকার মাঠ থেকে গরু আনতে যান স্থানীয় বাসিন্দা ইন্নছ আলী। এ সময় বজ্রপাতে হলে তিনি মারা যান। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহে দুইজন নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নলপোতা গ্রামের শুকুর জান (৩৫) ও নস্তি গ্রামের প্রশান্ত দাস (১৩)।

আহত শান্ত (১৫) ও ময়না খাতুনকে (৬০) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের বাড়ি নলপোতা গ্রামে।

মৃত শুকুরজানের খালু শুকুর আলী ও প্রশান্ত দাসের আত্মীয় প্রেম কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইলে একজন নিহত

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে বজ্রপাতে রবিউল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৮ জন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের মলিয়ানপুর উত্তরপাড়াতে এ ঘটনা ঘটে। মৃত রবিউল কাউলজানী গ্রামের চকপাড়ার বছির উদ্দিনের ছেলে।

গত ২৮ মে উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হবি চৌধুরী নির্বাচিত হন। সোমবার তার বিজয় মিছিল বের হয়।

মিছিলটি দুপুরে মলিয়ানপুর এলাকায় এসে পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে রবিউল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদ্য নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হবি চৌধুরী বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা।

মানিকগঞ্জে একজন নিহত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল এলাকায় বজ্রপাতে মো. সজিব সরকার (২২) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকালে ধান কাটার সময় বজ্রপাতের কবলে পড়েন তিনি।

সজিব সিরাজগঞ্জের কামারখন্ড উপজেলার মুগবালাই গ্রামের হাশমত আলী সরকারের ছেলে।

নিহতের চাচা মঞ্জুর আলম সরকার জানান, নয় দিন ধরে সজিব ও তিনিসহ সাত শ্রমিক ওই এলাকার সাইদুর শেখের বাড়ি কৃষি কাজ করছেন।

এলাকার একটি চকে সোমবার সকাল থেকে ধান কাটছিলেন তারা। বিকাল সাড়ে ছয়টার দিকে বৃষ্টির মধ্যে সেখানে বজ্রপাত হয়।

এ সময় সজিব গুরুতর আহত হলেও অক্ষত থাকেন অন্যরা। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেদ জানান, এখানে আনার পথেই সজিব মারা গেছেন। এ কারণে তাকে কোন চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, বিষয়টি খোঁজ নিতে হাসপাতালে পুলিশ পাঠানা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১২ ও ১৩ মে সরকারী হিসাব অনুযায়ী সারাদেশে বজ্রপাতে ৮১জন নিহত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গত ১৭ মে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান।

এমআর