মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মানবতা বিরোধী অপরাধ মামলার চার নম্বর সাক্ষী আব্বাস উদ্দিন আহমদকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আব্বাস উদ্দিন মুক্তিযোদ্ধা এবং রাউজানের ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পাঁচলাইশ থানার এশিয়ান হাউজিং সোসাইটির সামনে থেকে আব্বাস উদ্দিন আহমদকে অপহরণ করা হয়েছে বলে তিনি থানায় গিয়ে অভিযোগ করেছেন।

পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, অপহরণ চেষ্টার সঙ্গে জড়িতদের কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। এজন্য অপহরণের চেষ্টার সঙ্গে পূর্ব কোন শত্রুতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক, তাকে গ্রেপ্তার করা হবে।

আব্বাস উদ্দিন আহমেদ জানান, তাকে অপহরণের চেষ্টার সময় তিনি রাউজানের বাবুল মেম্বার ও হান্নান নামে দুইজন সন্ত্রাসীকে চিনতে পেরেছেন। দুর্বৃত্তরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে তার কাছে সাকা চৌধুরীর বিরুদ্ধে কেন সাক্ষ্য দিয়েছেন তা জানতে চায়। সাকা চৌধুরী বের হতে পারলে সন্ত্রাসীরা তাকে গুলি করে মারার হুমকি দিয়েছে বলেও তিনি জানান।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই