রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক আবাসন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (০৭ আগস্ট) সকালে বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত ব্যবসায়ী আবুল খায়ের সজীব বিল্ডার্স নামে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ২১ নম্বর রোডের ৬৯২ নম্বর বাসার জালাল গার্ডেনের আট তলায় স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে থাকতেন। আবুল খায়েরের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের পূর্বচরবাটা ইউনিয়নে।

ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, ব্যবসায়ী আবুল খায়ের বসুন্ধরা আবসিক এলাকার এফ ব্লকে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরননি। সকালে বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

এমবি