বর্তমান সরকার কৃষিবান্ধব উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘কৃষকদের সুবিধার্থে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে পাওয়ার টিলার তৈরি করা হবে। আগে বিদেশ থেকে পাওয়ার টিলার এনে কৃষকদের মধ্যে সরবরাহ করা হতো। এখন থেকে দেশের তৈরি পাওয়ার টিলার সহজেই কৃষকের কাছে পৌঁছে যাবে।’

মন্ত্রী রোববার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেলায় ১৫টি স্টলে স্থানীয়ভাবে তৈরি কৃষিপণ্য ও কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি স্থান পায়। উদ্বোধন শেষে শিল্পমন্ত্রী মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

জেলা প্রশাসক (ডিসি) মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী নারী উন্নয়ন ফোরাম সদস্যদের ক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণে জেলার ৫০ নারী অংশ নেন।

জেআই