শূন্য হওয়া ঢাকা-১০, গাইবাবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে।

আজ (০৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর এই তিনটি আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ০১ মার্চ, আর ভোট গ্রহণ হবে ২১ মার্চ।

তফসিল ঘোষণার সময় সচিব বলেন, “তিনটি আসনের উপনির্বাচনের মধ্যে কেবল ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। এতে অন্য নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেওয়া হবে না।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের এমপি পদ ছাড়েন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফলে ওই সংসদীয় আসনটি শূন্য হয়ে যায়।

এছাড়া সরকারি দলের ইউনূস আলীর মৃত্যুতে ২৭ ডিসেম্বর গাইবান্ধা- ৩ ও মোজাম্মেল হোসেনের মৃত্যুতে ৯ জানুয়ারি বাগেরহাট-৪ আসন শূন্য হয়।

সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, গাইবান্ধা-৩ আসনে আগামী ২৫ মার্চ, ঢাকা-১০ আসনে ২৭ মার্চ ও বাগেরহাট-৪ আসনে ৮ এপ্রিলের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এমবি