রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অশ্লীল অডিও-ভিডিও সিডি, সিডি তৈরির সরঞ্জাম ও অস্ত্র জব্দ করেছে র্যাব। এ সময় পাইরেসি সম্রাট সাগর ওরফে জনি চৌকিদার ও দেশ ইউনানি হারবালের মালিক হাকিমসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে র্যাবের সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার গভীর রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চলচ্চিত্রে অডিও-ভিডিও পাইরেসি কার্যক্রমের সহায়তাকারী দেশ ইউনানি হারবালের মালিক মো. হাকিমকে অস্ত্র ও ভারতীয় রুপিসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সাগরকে অস্ত্রসহ, হাকিমের সহযোগী রাজু এবং জুয়েলকে ইয়াবা ও পাইরেটেড সিডি তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়। পরে আজিম, বাবু ও তার সহযোগী হীরা এবং আবু বক্করকে ইয়াবা, ধারালো অস্ত্র, মাদক, বিপুল পরিমাণ পাইরেটেড সিডি, ডিভিডি, যন্ত্র ও সরঞ্জামসহ আটক করা হয়।
গুলিস্তান, মালিবাগ, ফুলবাড়িয়াসহ আরো কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার সিডি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
অভিযান পরিচালনাকারী র্যাব কর্মকর্তারা জানান, সাগর, আজিম, বাবু ও আবু বক্কর ছবি মুক্তির পরপরই চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীসহ সবার কাছেই চাঁদা দাবি করত। অনেক ক্ষেত্রেই তারা বড় অংকের টাকা আদায় করত।
এমএম





