মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাহাড় কেটে রাস্তা নির্মাণ শেষ করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক। শুক্রবার সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন তিনি।

আব্দুল মালিক কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি জানান, লংলা খাস, টিলাগাঁও, কুলাউড়ার মহাল এলাকার রাস্তার কাজ সমাপ্ত হয়েছে। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও তদারকিতে লংলাখাস মহাল এলাকার রাস্তার কাজ শেষ হয়েছে। চাহিদামতো কাজ করার সুযোগে কমিউনিটর লোকজন খুবই খুশি। এজন্য তারা সরকার, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

টিলা কেটে রাস্তা কেন নির্মাণ করলেন? এ প্রশ্নের জবাবে তিনি জানান, এখানে আগেই থেকেই রাস্তা ছিল। এই জায়গাটা একটু বেশি উঁচু ছিল। তাই পাহাড় কাটা ছাড়া কোনো উপায় ছিল না।

পাহাড় কেটে রাস্তা বানানোর এই উদ্যোক্তা মো. আবদুল মালিকের 'ওয়াফ' নামে একটি এনজিও সংস্থা আছে। সেই সংস্থার মাধ্যমে তিনি এসব বিষয়ে জনসচেতনতা তৈরি করেন। তারই এমন কর্মকাণ্ডে হতবাক মানুষ।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বি জানান, পাহাড় কেটে কোনোভাবেই রাস্তা নির্মাণ করা যাবে না। আর সরকারি অর্থ পাহাড় কাটায় ব্যবহার করা যাবে না। আমি বিষয়টি দেখছি।

এমএনজে