কুড়িগ্রামে একটি ট্রাকে তল্লাশি করে ছয় কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে শহরের ত্রিমোণী বাজার এলাকার চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের আব্দুল সফিউদ্দিনের ছেলে হাবিবুর রহমান (২২), ট্রাক চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে নজিবুর রহমান (২০) ও ট্রাকের হেলপার একই এলাকার মোজাম্মেল হকের ছেলে মোতালেব (৩৫)।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিমোণী বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় নাগেশ্বরী থেকে বগুড়াগামী একটি মিনি ট্রাক থামানো হয়।

পরে ট্রাকে তল্লাশি চালিয়ে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১২টি প্যাকেট রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ মাদক পাচারে জড়িত তিনজনকে আটক করা হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) মোহাম্মদ রুহানী জানান, আটকদের জিজ্ঞাসাবাদকালে তারা জানিয়েছেন ট্রাক চালক ১৫ হাজার টাকার চুক্তিতে গাঁজার চালানটি বগুড়া নিয়ে যাচ্ছিলেন। ট্রাকের মালিক নাটোরের মোজাম্মেল হক।

কেএইচ