তবে আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে আজ দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা আছে। এসব এলাকার নদীবন্দরগুলোকেও ১ নম্বর সতর্কসংকেত দেখানোর বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রতিবেদনটি সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য হবে।
এতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একইরকম থাকতে পারে।
রোববার সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে; ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে; ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।





