টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি সেভেন পয়েন্ট ৬৫ বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্রসহ ৪ চরমপন্থী সদস্যকে আটক করেছে র‌্যাব ১২।

সোমবার ভোরে বাঘিল ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- সদর উপজেলার ওমরপুর গ্রামের মো. কোরবার আলীর ছেলে আবুল কাশেম (৪২), কাশিনগর গ্রামের মো. হযরত আলীর ছেলে মো: ইব্রাহিম (৩২), কৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. নজরুল ইসলাম ওরফে মিষ্টার (৩৩) ও ময়াসুপ্রভাত গ্রামের আবদুল হকের ছেলে সাইদুল ইসলাম (৩০)।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গতরাতে র‌্যাবের একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চরমপন্থী নেতা ফজলু ড্রাইভার ও উজ্জ্বলের নেতৃত্বে যুগনীহাটে ডাকাতির প্রস্তুতির জন্য বাঘিল ইউনিয়ন পরিষদের সামনে ১৪-১৫ জনের একটি ডাকাতদল বৈঠক করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দুটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের ১০-১১ জন ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ওইসব অস্ত্রসহ চার ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা চরমপন্থী দলের সদস্য। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা, ডাকাতি অপহরণ, গুম ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

 

এমআইএস।