নারায়ণগঞ্জের রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

আজ (০৪ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কাঁচপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাদিয়া আক্তার(১৫) কাঁচপুরের উমর আলী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। এতে তার মা ও দুই সহপাঠী মারাত্মক আহত হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কাঁচপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এসময় তারা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম শিকদার বলেন, সকালে দুর্ঘটনা হলে শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন। গত দুই ঘণ্টা ধরে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। মহাসড়কের দুই প্রান্তে প্রায় ২৫ কিলোমিটার যানজট লেগে আছে।

শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করা হচ্ছে। তারা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। পুরো এলাকা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে বলে জানান ওসি।

এমবি