গাজীপুর নগরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন।

নগরপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান।

নিহত মো. মেহরাবের (৩২) বাড়ি পাবনা সদরের সাংগুরিয়া এলাকায়।

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার এনার্জি প্যাক নামে ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন তিনি।

ওসি বলেন, মেহেরাব নগরপাড়া এলাকায় থাকতেন। প্রতিদিনের মত সোমবার সকালে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন।

“পথে নগরপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনের রাস্তার পূর্ব থেকে পশ্চিম পাশে ঘোরার সময় ময়মনসিংহমুখী দ্রুতগামী একটি ট্রাক মেহেরাবেরর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।”

পরে ট্রাকটি মেহরাবকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।