নেত্রকোণা জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে অতর্কিত হামলা ও ভাংচুরের সময় জনমনে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে শহর প্রদক্ষিণ ও দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ পালন করেন।
এতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষুব্ধ হন। নেত্রকোনায় আওয়ামী লীগ ব্যাতীত অন্য কোনো রাজনৈতিক দল কর্মসূচি নিয়ে মাঠে নামুক তা সরকারি দলের কাম্য নয়।
তাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে চলে যাবার পর ছাত্রলীগ নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে।
এসময় আশপাশের লোকজন ভয়ে নিরাপদ দূরত্বে চলে যায়।
জেলা বিএনপির সভাপতি আশরাফউদ্দিন খান ও সাধারন সম্পাদক ডাঃ আনোয়ারুল হক দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না
বলেই প্রতিপক্ষের গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিকে পুলিশ দিয়ে বাধাগ্রস্থ ও দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুর করে প্রমান করলো তারা গণতন্ত্রে বিশ্বাস করেনা।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি বলেন, বিএনপি রাজনীতির নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায়।
নেত্রকোণার শান্ত পরিবেশ ঘোলাটে করতেই রাজনীতির কর্মসূচির ব্যানারে তারা মাঠে নামেন।
দলীয় কার্যালয়ে ছাত্রলীগ নয় বিএনপির অভ্যন্তরীন কোন্দলে অন্য কোনো গোষ্ঠী হামলা চালিয়ে ছাত্রলীগের বদনাম ছড়াচ্ছেন বলে তিনি জানান।
এসএম





