বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস ও পণ্যবাহী একটি কার্গো ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই কলেজছাত্রীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
সোমবার বেলা তিনটার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল-জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন শেরপুর উপজেলার উলিপুর গ্রামের কলেজছাত্রী মিথিলা (২৪), শেরপুর সদর এলাকার মোছা. মাহি (২৩), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের সাজু (২৫) ও কার্গো ভ্যানের চালক নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরের বাসিন্দা সেলিম ভুঁইয়া (৪৫)। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশুতোষ মিত্র নিহত চারজনের পরিচয় নিশ্চিত করে বলেন, মিথিলা সরকারি আজিজুল হক কলেজের ও মাহি সিরাজগঞ্জ সরকারি কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী। তাঁরা দুজনই সর্বশেষ বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, বগুড়া থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি গোসাইবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার নয়মাইল-জামালপুর এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী সিফাত ট্রেডিং কার্গোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কার্গোর চালক সেলিম নিহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রী মিথিলা, মাহি ও সাজুর মৃত্যু হয়।





