ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আলী হোসেকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টায় কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলার সিরতা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ বকুল, ইউ.পি সদস্য মজিবুর রহমান, নিহত আলীর বাবা আব্দুল হাই, বীর মুক্তিযুদ্ধা আব্দুল বারী, আনন্দমোহন কলেজের ছাত্রলীগ সভাপতি ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রকিবুল ইসলাম রকিব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আলীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) রাতে ময়মনসিংহ সদর উপজেলার চরভবানীপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে আলী হোসেনকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পরিবারের অভিযোগ, নিহত আলী হোসেন হত্যাকারী রুবেলের কাছে ৫০০টাকা পেত। সেই টাকা চাওয়ায় রুবেল ও তার সহযোগীরা আলীকে পিটিয়ে হত্যা করেছে।
ওই ঘটনায় আলী হোসেনের বাবা আবদুল হাই বাদী হয়ে রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে পরদিন সকালে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ রুবেলের বাবা আইনুদ্দিনকে আটক করেছে। অন্য আসামিরা এখনো পলাতক রয়েছি।
এসএইচ





