স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মাতৃ ও শিশু মৃত্যুরোধে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে। বিশ্বের অনেক উন্নতদেশ আজকে জানতে চায়, কিভাবে বাংলাদেশ সীমিত সম্পদের মধ্যদিয়ে শিশুমৃত্যুরোধ ও মাতৃমৃত্যুরোধ কমিয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে মডেল হিসেবে পরিচিত। এই উন্নয়নকে এগিয়ে নিতে হবে। এটি এদেশের মানুষের সহযোগিতা এবং শ্রমের কারণে সম্ভব হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

স্পিকার বলেন, সহস্রাদ্ধ উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করছে বাংলাদেশ। এখন ভারতের চেয়ে বাংলাদেশের অগ্রগতি বেশি। এটি আমার কথা নয়। এটি ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবীদ অমর্ত সেনের লেখার মধ্যে দিয়ে এসেছে।

তিনি বলেন, মানুষ কখনও সঠিক নেতৃত্ব নির্বাচনে ভুল করে না। উন্নয়ন মানুষ সব সময় মনে রাখে।  শেখ হাসিনার সরকার যে দৃশ্যমান উন্নয়ন করছে আজকে মানুষ সেটা দেখতে পাচ্ছে। সেই সুফল নিজেরাই ভোগ করতে পারছে। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রংপুরের জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ছায়াদৎ হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহারুল হক বাবলু, সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ, সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি শাহ সালেক বক্তব্য রাখেন।

জেআই