ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, পবিত্র মাহে রমজানে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। নগরবাসী যাতে নিরাপদে রমজান এবং কেনা-কাটা করতে পারে সেজন্য সব ধরনের নিরাপত্তা দেয়া হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কমিশনার বেনজীর বলেন, রাজধানীর প্রতিটি মহল্লায়, শপিংমল ও মসজিদ কেন্দ্রিক মুসলমানদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।
বেনজীর বলেন, রাজধানীর ফুটপাথে কোথাও ইফতারি সামগ্রী এবং ফল নিয়ে বসতে দেয়া হবে না। এ ছাড়া যানজট নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করা হবে। সেহেরির পর মানুষ যাতে নামাজ পড়ে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, সাদা পোশাকে পুলিশ থাকবে। পাড়া-মহল্লার মানুষদের পুলিশের সঙ্গে সম্পৃক্ত করে নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
তিনি বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টদের উদ্দেশে বলেন, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনে পুলিশের সাহায্য নেয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমি, মারুফ হাসান, যুগ্ম কমিশনার আব্দুল জলিল মন্ডল।
ঢাকা, জেইউ, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





