বরগুনার বামনা-ছোনবুনিয়া সড়কে চলন্ত লরির সামনের চাকা ফেটে উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ছোনবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লরির চালক উপজেলার ঘোপখালী গ্রামের ইউনুস (৩০) ও হেলপার পূর্ব সফিপুর গ্রামের আরিফ (২৫)।

সূত্র জানায়, বরগুনার বামনা উপজেলার মা ব্রিকস ফিল্ডের ইটবহনকারী লরি নিয়ে চালক ইউনুস ও হেলপার আরিফ জাফরাখালী গ্রামে যায়।

সেখানে ইট দিয়ে ফেরার পথে বামনা-ছোনবুনিয়া সড়কের ছোনবুনিয়া এলাকায় লরিটির সামনের চাকা ফেটে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যায়।

এ বিষয়ে,বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, খবর শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।