বন্দরনগরীর পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকত, নেভাল, সিআরবি, কর্ণফুলী সেতু এলাকায় থার্টি ফার্স্টে সূর্যাস্তের পর কাউকে অবস্থান করতে দেবে না পুলিশ।
যারা ইংরেজি বর্ষ বিদায়ের জন্য উন্মুক্ত বিনোদনকেন্দ্রে জড়ো হবেন, তাদের সূর্যাস্তের আগেই ঘরে ফিরতে হবে, এমন সিদ্ধান্ত পুলিশের।
এছাড়া অতিরিক্ত ফোর্সের সঙ্গে এবার নগরজুড়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিমও মাঠে নামাচ্ছে নগর পুলিশ।
রোববার (৩১ জানুয়ারি) ইংরেজি বছর ২০১৭ বিদায় নেবে। সোমবার বিশ্ববাসী স্বাগত জানাবে ২০১৮ সালকে।
বর্ষ বিদায়ের শেষ সূর্যাস্ত উপভোগ করতে চট্টগ্রামের কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের তীরে ভিড় করেন বিনোদন প্রেমীরা। প্রতিবছরের মতো এবারও পুলিশ বিনোদন প্রেমীদের নিরাপত্তায় এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর ব্যবস্থা নিয়েছে।
নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মোখলেছুর রহমান বলেন, ঘরোয়া আয়োজন ছাড়া উন্মুক্ত স্থানে সূর্যাস্তের পর আমরা কাউকে অ্যালাউ করব না। যা কিছু সূর্যাস্তের আগেই করতে হবে।
তিনি বলেন, ইউনিফর্ম এবং সাদা পোশাকে প্রায় ১ হাজার পুলিশ বিভিন্ন স্পটে মোতায়েন থাকবে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে। হোটেল-রেস্টুরেন্টেও থাকবে। এছাড়া আমরা এবার মোবাইল কোর্ট ও করব। পুলিশের পাশাপাশি প্রায় ৩০০ র্যাব সদস্য নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন তিনি।
মাসুম/জেড





