রাজধানী ও এর আশপাশের এলাকায় অপহরণ ও গুম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এজন্য ডিএমপি এন্টি কিডন্যাপিং স্কোয়াড গঠন করেছে। গঠিত এই স্কোয়াডটি ইতোমধ্যে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে।
শনিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান মহানগর যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, সম্প্রতি রাজধানীর বাইরে বিশেষ করে নারায়ণগঞ্জে গুম অপহরণ ও লাশ উদ্ধারের ঘটনায় চারদিকে আতঙ্ক বিরাজ করছে। রাজধানী ঢাকাতে যাতে কোনো ধরণের গুম অপহরণের ঘটনা না ঘটে, ঘটলেও যাতে দ্রুত অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা যায় সে জন্য মহানগর ডিবি পুলিশ বিশেষ নজর রাখছে। এ লক্ষ্যে এন্টি কিডন্যাপিং স্কোয়াড গঠন করা হয়েছে। স্কোয়াডটি ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে।
তিনি বলেন, একজন এডিসি ও দুজন এসির নের্তৃত্বে মোট ৪০ সদস্য বিশিষ্ট এই স্কোয়াডটি মূলত রাজধানী কেন্দ্রিক কাজ করবে। তবে প্রয়োজনে ঢাকার বাইরেও অভিযান পরিচালনা করতে পারবে।
তিনি বলেন, স্কোয়াডটি পরিচালনা করবেন এডিসি সানোয়ার হোসেন। তাকে সহায়তা করবেন এসি নাজমুল হোসেন ও জাহাঙ্গীরের নেতৃত্বে স্কোয়াডের ৪গ সদস্য।  
রাজধানীতে কতো প্রকারের প্রতারক চক্র সক্রিয়ভাবে কাজ করছে সাংবাদিকদের করা এমন প্রশ্নে মহানগর যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, রাজধানীতে সম্প্রতি কয়েকটি ঘটনায় প্রতারক চক্রের নারী সদস্যসহ বেশ কয়েকজন প্রতারক সদস্য আট করা হয়েছে। এই প্রতারক চক্রগুলো কোনো বিত্তশালী, সমাজের প্রভাবশালী ও ব্যবসায়ীদের টার্গেট করে তাদের কিডন্যাপ করে। এরপর জোরপূর্বক সুন্দরী প্রতারক নারী সদস্যের সাথে আপত্তিকর ছবি তুলে তা দিয়ে ব্ল্যাক মেইলের চেষ্টা চালায়। রাজধানীতে এধরণের কমপক্ষে ৫টি চক্র এখনো সক্রিয়। তাদের ধরার জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।
সম্প্রতি অপহরণ ও গুমের ঘটনার সাথে ডিবি পুলিশ ও র্যা।ব সদস্যদের নাম প্রায়ই গণমাধ্যমে আসছে, এসব অপহরণ ও গুমের ঘটনার সাথে আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, রাজধানীতে গত ২ বছরে আমরা ৫৬২ জন ভূয়া ডিবি পুলিশকে আটক করতে পেরেছি। আমাদের এখন লক্ষ্য থাকবে এধরণের প্রতারক চক্রের কর্মকাণ্ড সমূলে বন্ধ করা।
[b]ঢাকা, জেইউ, ৩ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]