আহমেদ হোসেন খানকে সরিয়ে খাদ্য অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে আহমেদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সংস্থাটির ডিজি পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডিকৃত অতিরিক্ত সচিব (শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সরওয়ার খান।
এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন মজিবুর রহমানকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক করা হয়েছে।
আর ওএসডিকৃত অতিরিক্ত সচিব মো. মুসলিম চৌধুরীকে অর্থ বিভাগে সংযুক্তি দেয়া হয়েছে।
এছাড়া যুগ্ম-সচিব পদে ছয়জনের বিষয়ে আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মো. মনিরুজ্জামানকে খাদ্য মন্ত্রণালয়, বিজেএমসির পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মোহাম্মদ নূরুল ইসলামকে তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ইকোনমিক গ্রোথ প্রোগ্রামের (বিইজিপি) উপ-প্রকল্প পরিচালক এ ইউ এস এম সাইফুল্লাহকে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিনিয়োগ বোর্ডের পরিচালক ডা. মোহাম্মদ ফজলুল হককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্তি এবং খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডি এম গোলাম ফারুক ও বিআরটিএ’র পরিচালক মতিয়ার রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করে আদেশ দেয়া হয়েছে।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





