রাজধানীর মাদারটেকে পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ‘জড়িত’ থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে সবুজবাগ থানা পুলিশ।
আটককৃতরা হলেন-কাজল আক্তার (২৭) ও মো. মাসুদ খান (৫৩)। এঘটনায় নিহতের বড় ভাই সবুজথানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সবুজবাগ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে তাদের দুইজনকে আটক করা হয়েছে। তারা সম্পর্কে বাবা ও মেয়ে।”
শুক্রবার রাত ১১টার দিকে কাজল ও তার স্বামী সেলিমের পারিবারিক বিরোধ মিমাংসা করতে গেলে ২১/২ উত্তর মাদারটেকের ইটবালুর ব্যবসায়ী জায়েদ আলী (৩৫) কে পেটে ছুরি মারেন সেলিম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর রাতেই মারা যান জায়েদ আলী। এ ঘটনায় তার বড় ভাই আফাজ উদ্দিন রাতেই সবুজবাগ থানায় এসে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন, মো. সেলিম, কাজল আক্তার, কাজলের মা আফরোজা বেগম ও তার স্বামী মো. মাসুদ খান।
ঘটনার পর থেকে সেলিম ও কাজলের মা আফরোজা বেগম পলাতক আছেন বলেও জানান উপ পরিদর্শক রফিকুল ইসলাম।
নিহতের ভাতিজা মো. মানিক জানান, “সেলিম মাদকাসক্ত ছিলো। প্রায় প্রতিদিনই তার স্ত্রীকে মারধর করতো সে। শুক্রবার রাতে চাচা ভাত খেতে বসলে কাজল চাচাকে তার বাসায় যেতে বলেন।”
চাচা সেখানে যাওয়ার পরই সে সেলিম কাজলের ঝগড়ার মীমাংসার চেষ্টা করেন। তখন সেলিম তার পেটে ছুরি দিয়ে আঘাত করে। রাতে চাচাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলে সেখানে মারা যান তিনি।
ঢাকা, জেইউ, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





