মেহেরপুর শহরের মণ্ডলপাড়ায় ছাগলের গায়ে পানি দেওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছে।

আহতরা হলেন— আব্দুল লতিফ (৫০) তার স্ত্রী ইনজিরা খাতুন (৪০) ছেলে সজিব হোসেন (২২), রাইদুল হোসেন (৩২), স্ত্রী রহিমা খাতুন (২২), রানী খাতুন (২০) ও আনোয়ারা খাতুন (৪৫)। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বুধবার দুপুরে রাইদুলের একটি ছাগল প্রতিবেশী লতিফের বাড়িতে গেলে লতিফ ছাগলটির গায়ে পানি দিয়ে ভিজিয়ে দেয়। পরে রাইদুল লতিফের একটি ছাগল রাস্তা থেকে ধরে নিয়ে এসে পানি দিয়ে ভিজিয়ে দেয়। এ নিয়ে দু’পক্ষ বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সদর থানার ওসি আহসান হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি আহসান হাবিব জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। যদি কোনো পক্ষ অভিযোগ দেয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেআই