নাটোরের সিংড়ায় ১৪২টি বক পাখি উদ্ধার করে খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে। এ সময় অবৈধভাবে পাখি শিকার ও বিক্রির অভিযোগ পাঁচ শিকারিকে বুধবার দুপুরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তারা হলেন- সিংড়ার পাঁচটিকা গ্রামের জাহিদুল ইসলাম ও হারুনুর রশীদ, হাতিয়ানদহ গ্রামের অসিম ও আজিজুল ইসলাম এবং গুরুদাসপুরের আশরাফ আলী।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম জানান, দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় বন্দর বাজার, সাতমাইল ও মৎস্য আড়ত এলাকা থেকে ১৪২টি বক পাখি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

পরে আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরে উদ্ধার করা বক পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করা হয়।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ