সিলেটে মাজার জিয়ারত ও জাফলংয়ে পিকনিক শেষে বাড়ি ফেরার পথে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ লস্করপুর রেলগেটে বাস উল্টে এক জন নিহত হয়েছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।

আহত ও নিহত সবাই বাসের যাত্রী। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় ওই স্থানে বাসটি আসলে একটি মোটরসাইকেল সড়ক ক্রস করে। এ সময় ওই মোটরসাইকেলটিকে রক্ষা করতে গিয়ে বাসটি সড়কের ওপর উল্টে গেলে ঘটনাস্থলে প্রাণ হারান বাসযাত্রী গাজীপুরের বাসিন্দা সায়েব আলী (৬০)। আহত হন বাসের ৪০ যাত্রী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বুরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ