সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জেদ্দার হাই আল সামির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতির আউলাতৈল গ্রামের ফোরকান আলীর ছেলে আল-আমিন, ময়মনসিংহ জেলার গফরগাঁও এর কামাল উদ্দিন এর ছেলে শাকিল মিয়া (তার পাসপোর্ট নাম্বার বিসি-০১৮৩০৩০) এবং নরসিংদী জেলার মনোহরদীর উত্তর কাচিকাটা গ্রামের কামাল মিয়ার ছেলে কাওছার মিয়া।
জানা গেছে, জেদ্দা সিটি করপোরেশনের ময়লা পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষ হলে গাড়ির সামনে থাকা বাংলাদেশি চালক এবং অপর দুই পরিচ্ছন্নতাকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান। সূত্রমতে, তারা সবাই জেদ্দার ইয়ামামা নামের একটি ক্লিনিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
নিহত আল-আমিনের চাচাত ভাই শাহজাহান জানান, আল-আমিন গাড়ির চালক ছিলেন। অপর দুইজন গাড়িতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।
তিনি আরও জানান, তিন বছর আগে তার চাচাত ভাই আল-আমিন সৌদি আরব পাড়ি জমান ভাগ্য পরিবর্তনের আশায়। আগামী ১০ ফেব্রুয়ারি দেশে যাওয়ার কথা ছিল কিন্তু সড়ক দুর্ঘটনায় তার সব স্বপ্ন ভেসে গেল। দেশের বাড়িতে মা-বাবা আছেন।
এদিকে নিহত শাকিলের ফুফাত ভাই রোমেল জানান, তার মামাত ভাইয়ের সন্তান-সন্ততি নেই।
জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর আমিনুল ইসলাম নিহতদের পরিচয় নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে যতদ্রুত সম্ভব নিহতদের মরদেহ দেশে পাঠানো হবে।
এমবি





