দেশে অন্ধশিশুর সংখ্যা নিরূপণে সরকার একটি জরিপ চালানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ‘ন্যাশনাল আই কেয়ারের’ অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অরবিস ইন্টারন্যাশনাল আয়োজিত ‘সার্বজনীন চক্ষুস্বাস্থ্য: বাংলাদেশে অরবিসের উদ্যোগ ও অভিজ্ঞতা’ শীর্ষক এক সিম্পোজিয়ামে তিনি এ কথা জানান।
অধ্যাপক এনায়েত বলেন, ‘চক্ষুরোগের চিকিৎসায় মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ফলোআপ সেবা প্রদানেরও পরিকল্পনা সরকারের আছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ এবং সঞ্চালন করেন অরবিসের ডিরেক্টর অব প্রোগ্রাম মোহাম্মদ আলাউদ্দিন।
সভাপতির বক্তব্যে ডা. মুনির বলেন, ‘চক্ষু রোগের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ও বেসরকারিভাবে পদক্ষেপ নিতে হবে। ভৌগোলিক বিষয়গুলো বিবেচনায় না নেয়া গেলে সার্বজনীন চক্ষুসেবা অর্জন সম্ভব হবে না।’
অনুষ্ঠানে অরবিস ইন্টারন্যাশনালের কর্মী ডা. ফায়াজুল ইসলাম ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইনিশিয়েটিভ অ্যান্ড অরবিস এক্সপেরিয়েন্স’ ডা. লুত্ফুল হোসেন ‘টেলি মেডিসিন-সাইবার সাইট’, এবং চিটাগং আই ইনফারমারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সের মোহাম্মদ শামসুল ইসলাম ‘ইউটিলাইজেশন অব পিইসি বাই দ্য কমিউনিটি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
জেআই





