নড়াইলের লোহাগড়ায় ডাকাতির মাল ভাগ করার সময় ২ ডাকাতকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
জানা যায় লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইদ্রিস মোল্লার বাড়িতে সোমবার (১৭নভেম্বর) রাতে ডাকাতি হয়।
ডাকাতির মালামাল চাচই প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাগাভাগির সময় চাচই গ্রামের লোকজন দুই ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হলো- খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদা ইউনিয়নের কুশলা গ্রামের হালিম মোল্লার ছেলে নিশাত (২৮) এবং শরীয়াতপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবলনগর গ্রামের হুকুম আলীর ছেলে জাকির হোসেন (২৮)।
ক্ষতিগ্রস্ত ইদ্রিস মোল্লা জানান, ডাকাতরা জানালার গ্রিল ভেঙ্গে গভীর রাত ঘরে ঢোকে। তারপর ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে বেঁধে রাখে।
এরপর তারা চার ভরি স্বর্ণালংকার, নগদ ১৭ হাজার টাকা, দুইটি মোবাইল এবং কিছু কাপড় লুট করে নিয়ে যায়।
লোহাগড়া থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আ. সায়েম জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে মামলা হবে।
এসএইচ





